হংকংয়ের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট আবাসিক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৯৪-এ দাঁড়িয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন ইতোমধ্যে প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, নিহতদের মধ্যে ৩৭ বছর বয়সী এক অগ্নিনির্বাপণ কর্মীও ছিলেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন ৭৬ জন, যার মধ্যে ১১ জন ফায়ার সার্ভিসের সদস্য।
দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, আগুন এখন প্রায় পুরোপুরি নিভে গেলেও ধ্বংসস্তূপে এখনো নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
ঘনবসতিপূর্ণ ওয়াং ফুক কোর্টের আটটি ব্লকে প্রায় ২ হাজার ফ্ল্যাটে বসবাস করতেন চার হাজার ছয়শতাধিক মানুষ। অগ্নিকাণ্ডের পর জরুরি সহায়তা হিসেবে খোলা আটটি আশ্রয়কেন্দ্রে প্রায় ৯০০ বাসিন্দাকে রাখা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোর বাইরে আপনার-হারানো স্বজনের খোঁজে অস্থির হয়ে অপেক্ষা করছেন অনেকে।
এ ঘটনা সম্পর্কে শোক প্রকাশ করেছেন চীনের রাষ্ট্রপতি শি চিনপিং— জানিয়েছে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি।








