কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী বিজয়ের কাগজপত্র গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কুমিল্লা-৪ আসনের শাপলা কলি প্রতীকে নির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, মোট ভোটের প্রায় ৮০ শতাংশ পেয়ে তিনি নির্বাচনে জয়লাভ করেছেন। যারা তাঁকে ভোট দেননি—এমন প্রায় বিশ হাজার ভোটারের আস্থা অর্জনের লক্ষ্য নিয়ে দেবিদ্বার উপজেলার সব শ্রেণি-পেশার মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ইনশাআল্লাহ, তিনি এমন একটি সমাজ গড়ে তুলতে চান যেখানে প্রতিপক্ষের প্রতিও অবিচার করার সুযোগ থাকবে না।
শুক্রবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ন্যায়বিচার ও ইনসাফের ভিত্তিতে রাষ্ট্রীয় কাঠামো গড়ে তোলার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি উল্লেখ করেন, ২৪ আগস্টের পর থেকে তাঁর জীবন আর আগের মতো সাধারণ থাকবে না, কারণ এখন তাঁর কাঁধে বড় দায়িত্ব এসে পড়েছে। এই সময়ের মধ্যে অনেক সহযোদ্ধাকে হারাতে হয়েছে, শহীদ হয়েছেন বহু ভাই—হাদী ভাইও তাঁদের একজন। ফলে শহীদ পরিবারের দায়িত্ব এখন তাঁদের ওপর বর্তেছে এবং সে দায়িত্ব নিয়েই সামনে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ পেয়েছেন মোট ১ লাখ ৬৬ হাজার ৫৮৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত গণ অধিকার পরিষদের প্রার্থী মো. জসীম উদ্দীন পেয়েছেন ৪৯ হাজার ভোট। প্রায় তিনগুণ বেশি ভোটে জয়ী হয়ে জাতীয় সংসদে প্রবেশ করেছেন জুলাই বিপ্লবের ক্যাপ্টেন খ্যাত হাসনাত আবদুল্লাহ।




