সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন খনন প্রতিষ্ঠান মা’আদেন চারটি নতুন খনি এলাকা থেকে মোট ৭৮ লাখ আউন্স স্বর্ণ উত্তোলনের ঘোষণা দিয়েছে। কোম্পানির তথ্যমতে, প্রতি কেজিতে ৩৫ আউন্স হিসেবে এই পরিমাণ স্বর্ণের ওজন দাঁড়ায় প্রায় ২ লাখ ২১ হাজার কেজি। শুরুতে ৯০ লাখ আউন্সের বেশি স্বর্ণ উত্তোলনের লক্ষ্য নির্ধারণ করা হলেও বার্ষিক হিসাব পদ্ধতির কারণে চূড়ান্ত লক্ষ্যমাত্রা কিছুটা কমানো হয়।
মা’আদেন জানায়, মানসুরাহ মাসসারাহ, উরুক ২০/২১, উম্ম আস সালাম এবং ওয়াদি আল জাও—এই চারটি খনি এলাকা থেকেই নতুন স্বর্ণের মজুত পাওয়া গেছে। এ বিষয়ে সংবাদ প্রকাশ করেছে গালফ নিউজ।
কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা বব উইল্ট বলেন, এই সাফল্য প্রমাণ করে যে মা’আদেনের দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তব পর্যায়ে কার্যকর হচ্ছে। এ কারণেই সৌদি আরবের স্বর্ণ খাতে বড় পরিসরে বিনিয়োগ অব্যাহত রাখা হচ্ছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, চারটি খনি এলাকায় অনুসন্ধানের মাধ্যমে ৭০ লাখ আউন্সেরও বেশি স্বর্ণের সন্ধান পাওয়া মা’আদেনের স্বর্ণ আহরণ সক্ষমতারই প্রতিফলন।
ঘোষণায় উল্লেখ করা হয়, চারটি খনি এলাকার মধ্যে মানসুরাহ মাসসারাহ থেকে সর্বাধিক ৩০ লাখ আউন্স স্বর্ণ উত্তোলন করা হয়েছে। উরুক ২০/২১ ও উম্ম আস সালাম থেকে মিলিয়ে পাওয়া গেছে ১৬ লাখ ৭০ হাজার আউন্স। আর নতুন খনি ওয়াদি আল জাও থেকে প্রথমবারের মতো ৩০ লাখ ৮০ হাজার আউন্স স্বর্ণ উত্তোলন করা হয়েছে।
সূত্র: গালফ নিউজ





