আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধিত প্রবাসী ভোটারদের পাঠানো ৪ লাখ ২২ হাজার ৯৬০টি পোস্টাল ব্যালট ইতোমধ্যে দেশে পৌঁছেছে।
শনিবার প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম সংশ্লিষ্ট ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার সকাল সোয়া ১০টা পর্যন্ত অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা প্রবাসী ভোটারদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৩৩ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৯৪ হাজার ১৮৫ জন ইতোমধ্যে তাদের ভোট প্রদান সম্পন্ন করেছেন।
এছাড়া, ৪ লাখ ৬৮ হাজার ৯১ জন প্রবাসী ভোটার নিজ নিজ দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগের মাধ্যমে তাদের ব্যালট জমা দিয়েছেন। এর মধ্যে ২ লাখ ২৫ হাজার ১৬৮টি ব্যালট ইতোমধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে।
বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত (আইসিপিভি) ভোটারদের জন্যও পোস্টাল ব্যালট পাঠানো কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ পর্যন্ত দেশের ভেতরে নিবন্ধিত ৬ লাখ ৯৪ হাজার ১৪৬ জন ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।
আরো দেখুন
ইসির হালনাগাদ তথ্য অনুযায়ী, শনিবার সকাল সোয়া ১০টা পর্যন্ত দেশের অভ্যন্তরে ৩ লাখ ৮১ হাজার ৭ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ৩ লাখ ২১ হাজার ৬৯৫ জন ভোট দিয়েছেন এবং ২ লাখ ৭৬ হাজার ২৭২ জন পোস্ট অফিস বা ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা এ পর্যন্ত ৮৩ হাজার ৯৪২টি ব্যালট গ্রহণ করেছেন।
সালীম আহমাদ খান আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য দেশে ও বিদেশে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।




